ফোনালাপে আড়ি পাতা প্রতিরোধে বিটিআরসিকে নোটিশ

২২ জুন, ২০২১ ১৭:০৪  
ফোনালাপে আড়ি পাতা প্রতিরোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়ে মঙ্গলবার আইনি নোটিশ পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে এই বিষয়ে জানতে চেয়ে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী শিশির মনির। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানের দপ্তরে রেজিস্ট্রার ডাকে পাঠানো হয়েছে। বেধে দেয়া সময়ের মধ্যে জবাব না পেলে বা জবাব গ্রহণযোগ্য না হলে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করা হবে বলেও জানিয়েছেন নোটিশ দাতা আইনজীবী। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ১৬টি আড়ি পাতার ঘটনা উল্লেখ করে নোটিশটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ফোনালাপ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফোনালাপ, প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমেদ ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার নাজমুল হাসানের ফোনালাপ ফাঁসের কথাও বলা হয়েছে। ২০১৯ সালের ২৮ আগস্ট হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চের দেওয়া রায়ে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে পর্যবেক্ষণও নোটিশে তুলে ধরা হয়েছে।